শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই। তিনি দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আত্মসমর্পণ (সারেন্ডার) করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। সোমবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘সিআরপিসির (ফৌজদারি কার্যবিধি) প্রক্রিয়া অনুযায়ী তিনি সারেন্ডার করবেন এবং বেইল চাইবেন। সিআরপিসি অনুযায়ীই বিষয়টি পরিচালিত হবে।’
বিরোধী দলের ছায়ামন্ত্রীসভা গঠনের উদ্যোগ সম্পর্কে তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে ছায়ামন্ত্রীসভা গঠনের সংস্কৃতি রয়েছে। বিরোধী দলের এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ উদ্যোগকে ওয়েলকাম জানাই। তারা যদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা করে এবং কোথায় কী ভুলভ্রান্তি আছে, সে বিষয়ে ইতিবাচক ফিডব্যাক দেয়, তাহলে অবশ্যই সেটি স্বাগতযোগ্য।’

Post a Comment

Previous Post Next Post